জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের জন্য কনসার্টে আসছেন আতিফ আসলাম

গণমঞ্চ নিউজ ডেস্ক –

এক বছর পর আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তিনি অংশ নেবেন ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টে, যার আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনের উদ্দেশ্যে এ আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের বরাত দিয়ে জানা গেছে, ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে কোনো এক দিন কনসার্টটি অনুষ্ঠিত হবে। টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। ইতোমধ্যে ২ নভেম্বর আয়োজক প্রতিষ্ঠান ও ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

ঢাকায় আতিফ আসলামের সর্বশেষ পারফরম্যান্স ছিল ২০২৪ সালের ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে, যার আয়োজন করেছিল ট্রিপল টাইম কমিউনিকেশন।

নতুন কনসার্টে মূল সংগীত পরিবেশনার আগে থাকছে লোকসংগীত ও কাওয়ালি পরিবেশনা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি, মঞ্চনাটক ও ভিডিওচিত্র প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে। এর আগে, গত বছরের ২১ ডিসেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ আর্মি স্টেডিয়ামে আয়োজন করেছিল ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট, যেখানে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেছিলেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। ওই কনসার্ট থেকে অর্জিত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা ফাউন্ডেশনে দান করা হয়।

আতিফ আসলামের জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য— ‘তু চাহিয়ে’, ‘তেরা হুনে লাগা হুন’, ‘জিনা জিনা’, ‘দিল দিয়া গাল্লা’, ‘ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘ও লামহে’, ‘পেহলি নজর মে’, ‘তেরে বিন’, ‘হোনা تھا পেয়ার’, ‘তু জানে না’, ‘ম্যায় রঙ শরবতো কা’, ‘তেরে সাং ইয়ারা’ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *