জাতীয় নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবার ভোট দিতে পারবে না: ইসি সচিব

গণমঞ্চ নিউজ ডেস্ক –

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “যাদের এনআইডি লক আছে তারা প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। শেখ হাসিনার এনআইডি লক করা আছে, সুতরাং তিনি ভোট দিতে পারবেন না।”

তবে মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে থাকা ভোটারদের ক্ষেত্রে সমস্যা নেই, যদি তাদের এনআইডি আনলক থাকে। প্রবাসে ভোট দিতে হলে অনলাইনে এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক। এনআইডি লক থাকলে অনলাইন নিবন্ধন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। তারা হলেন— রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আরও জানান, নির্বাচনে ইন-কান্ট্রি ও আউট-অফ-কান্ট্রি ভোটের ব্যবস্থা থাকবে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন, এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। বর্তমানে অনেক শীর্ষ নেতা বিভিন্ন দেশে অবস্থান করছেন।

সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে। যারা দেশে আছেন তারা ভোট দিতে পারবেন। কিন্তু যাদের এনআইডি লক এবং যারা বিদেশে আছেন তারা ভোট দিতে পারবেন না। বিদেশে থাকা কতজন নেতার এনআইডি লক আছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *