মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে
উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্য ও খাবারের পসরা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ইসিপি (ECP) উদ্যোক্তা মেলার মাসিক বাজার। আজ ২৯ শে সেপ্টেম্বর শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তাদের উৎসাহ ও তাদের পণ্যের প্রচারের লক্ষ্যে এই মাসিক বাজারের আয়োজন করা হয়। এদিন বিকাল ৩টায় মেলা শুরু হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। মেলায় মোট ১৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল নানা রঙের ও স্বাদের সমাহার। উদ্যোক্তারা তাদের হাতে তৈরি বাহারি রকমের খাবার যেমন – বিভিন্ন ধরনের পিঠা, ফাস্ট ফুড, ঐতিহ্যবাহী মিষ্টান্ন, আচার এবং অন্যান্য খাদ্যসামগ্রী নিয়ে স্টল সাজান। পাশাপাশি ছিল হাতে তৈরি সৌন্দর্যবর্ধক সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, পোশাক ও বিভিন্ন কুটির শিল্পের পণ্য।
মেলা সম্পর্কে ইসিপি উদ্যোগের আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের, তাদের পণ্যের বাজার তৈরি করে দেওয়া এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়াই এই মাসিক বাজারের মূল লক্ষ্য। এই ধরনের আয়োজন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।
দর্শনার্থীরা জানান, একই ছাদের নিচে এত রকমের পণ্য ও সুস্বাদু খাবার পাওয়ায় তারা খুশি। তারা নিয়মিত এই ধরনের মেলার আয়োজনের দাবি জানান।
