মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের সফিউর রহমান আইডিয়াল কলেজটি সরকারি কলেজে উন্নীত করার দাবিতে আজ নতুন ব্রিজ এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। চরাঞ্চল দিয়াড় এলাকার আটটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আজ ৯ই নভেম্বর রবিবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরাঞ্চলের দিয়াড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুন্দরপুর, ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, নারায়নপুর, আলাতুলি, শাহাজাহানপুর এবং চর-অপুরনগর—এই আটটি ইউনিয়নের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীরা জানান, এই অঞ্চলে ভালো মানের কোনো মহাবিদ্যালয় না থাকায় সফিউর রহমান আইডিয়াল কলেজটিই একমাত্র ভরসা। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম এবং লোকবলের অভাবে কলেজটিতে উপযুক্ত পাঠদান করা সম্ভব হচ্ছে না। এর ফলে আটটি ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাধ্য হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।
স্থানীয় একজন শিক্ষার্থী হতাশা প্রকাশ করে বলেন, একটি সরকারি কলেজ না থাকার কারণে তাদের শিক্ষার চাহিদা পূরণ হচ্ছে না। এর ফলে আর্থিক অনটন ও দারিদ্র্যগ্রস্ত অনেক শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তিনি আরও যোগ করেন, “অনেক ছেলেকে কর্মসংস্থানের জন্য পড়ালেখা ছেড়ে দিতে হচ্ছে এবং মেয়েদের অকালেই বিয়ে দিয়ে দিচ্ছে পরিবার।” তাঁদের বিশ্বাস, সফিউর রহমান আইডিয়াল কলেজটি সরকারি করা হলে এই অঞ্চলের শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীদের ভোগান্তি দূর হবে।
পরিশেষে, স্থানীয় জনগণ সফিউর রহমান আইডিয়াল কলেজটিকে অবিলম্বে সরকারি কলেজে উন্নত করবার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
