চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে

চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষক কর্তৃক যৌন হয়রানির অভিযোগে গভীর রাতে সংবাদ সম্মেলন করেছেন এক ছাত্রী ও তার পরিবার। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ওই ছাত্রী অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের নতুন হাট এলাকার আব্দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন নিজ বাসায় হেলাল কোচিং সেন্টার পরিচালনা করেন। তিনি ওই কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষার্থী ছিলেন।

গত এপ্রিল মাসে শিক্ষক হেলাল উদ্দিন তার পরিবারসহ কোচিং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে গেলে গোসল করার সময় ওই ছাত্রীর গোপন ছবি তোলেন। সম্প্রতি শিক্ষক হেলাল উদ্দিন সেই ছবি ছাত্রীর স্বামীর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে কু-প্রস্তাব দেন। এ সময় তিনি হুমকি দেন, রাজি না হলে আরও ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।

এরপরও ওই ছাত্রী কোচিংয়ে গেলে শিক্ষক পুনরায় ছবি ও ভিডিও দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সদর মডেল থানায় শিক্ষক হেলাল উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা-মা ও স্বামীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার বিকেলে ওই শিক্ষকের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে ছাত্রীর পরিবার ও সদর মডেল থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে হুমকির অভিযোগ আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এক ছাত্রীর বাবা তার মেয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে এজাহার দিয়েছেন। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষকের প্রতি হুমকির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *