মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে। আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২৫)। গত ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাটে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সিজু শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। অভিযোগ উঠেছে, তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা তাকে উমরপুর ঘাটে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে প্রায় দেড় ঘণ্টা বেঁধে রাখে। প্রত্যক্ষদর্শীদের মতে, ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পা কেটে নেওয়ার চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করা হয়। হামলাকারীরা সিজুকে মৃত ভেবে রশি দিয়ে বাঁধা অবস্থায় ফেলে রেখে স্থান ত্যাগ করে।
স্থানীয়রা পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তদের পরিচয়:
হাসপাতাল থেকে সিজু জানান, এই নৃশংস হামলার পেছনে পরিকল্পিতভাবে আব্দুর রাজ্জাক, আনোয়ার এবং পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও বেশ কয়েকজন জড়িত ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, এই ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
