গণমঞ্চ নিউজ ডেস্ক –
বাংলাদেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবার যাত্রা শুরু হলো। সোমবার (১ সেপ্টেম্বর) থেকে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করেছে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো গ্রাহকরা পরবর্তী প্রজন্মের এই নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পেলেন।
গতকাল দুপুর ২টার দিকে রাজধানীর করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবি আজিয়াটা প্রথম তাদের ৫জি সেবা উদ্বোধন করে। উদ্বোধনী দিনে ঢাকার এমবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার চৌরাস্তা, ফকিরাপুল-পল্টন, চট্টগ্রামের ওয়াসা মোড়, খুলশী, পাঁচলাইশের কাটালগঞ্জ আবাসিক এলাকা এবং সিলেটের সাগরদিঘির পাড়ে ৫জি চালু করা হয়।
রবির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের বাকি অঞ্চলে এই সেবা চালু হবে। তবে বাজারে ৫জি-সমর্থিত হ্যান্ডসেটের সংখ্যা এখনও সীমিত থাকায় কভারেজ আপাতত সীমিত থাকবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিস হায়দার চৌধুরী রবির অনুষ্ঠানে বলেন, ‘৫জি চালু করা বাংলাদেশের ডিজিটাল যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও স্মার্ট সিটি গঠনে নতুন সুযোগ তৈরি করবে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘৫জি চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাত এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। আমরা আশা করি, অপারেটররা এ প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহার করবে এবং জনগণকে সর্বোচ্চ সুফল দেবে।’
রবি আজিয়াটার ভারপ্রাপ্ত সিইও ও সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, ‘এই পদক্ষেপ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। প্রথমবারের মতো আমাদের গ্রাহকরা হাতে-কলমে ভবিষ্যতের কানেক্টিভিটির অভিজ্ঞতা নিতে পারবেন।’
তবে রবির ঘোষণার কয়েক ঘণ্টা পরই দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে দেশের অন্য শীর্ষ অপারেটর গ্রামীণফোনও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেশের সব বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে ৫জি চালুর ঘোষণা দেয়।
এক ভিডিও বার্তায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোন সবসময় নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়। গ্রামীণফোনের নাম্বার ওয়ান নেটওয়ার্ক থেকে আজ ৫জি সেবা চালু করা হয়েছে, যা মিলবে দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে। সবার সম্ভাবনার দ্বার খুলে যাক গ্রামীণফোন ৫জি নেটওয়ার্কের সঙ্গে।’
