মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নারী সমাবেশে হামলার প্রতিবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, সদস্য আব্দুল মান্নান তালুকদার, মঞ্জরুল হক মঞ্জু, মাহমুদুল ওয়াহাব মনি, জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া, মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি শহীদুল্লাহ, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া, সহনাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ৯ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন করা নারী সমাবেশে স্থানীয়ভাবে আরেকটি সমাবেশ থেকে হামলা চালানো হয়। এতে মঞ্চ ভাঙচুর ও নারীরা আহত হন। ঘটনার পর নেতা-কর্মীরা আহতদের সেবায় ব্যস্ত থাকা অবস্থায় আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ পাঁচজনকে বহিষ্কারের সিদ্ধান্ত অন্যায়ভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
এদিকে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও আহাম্মদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অন্তত ৫০–৬০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। পরে শৃঙ্খলাভঙ্গ ও সহিংসতার অভিযোগে আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ পাঁচজনকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন ইউনিটের ১৯ জন ছাত্রদল নেতাকর্মীকেও বহিষ্কার করা হয়।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, নারী সমাবেশে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
