গণমঞ্চ নিউজ ডেস্ক –
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সড়কের পাশে থামিয়ে রাখা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা ও ছেলেসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ফুলবাড়িয়া সদরের ভালুজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন জানান, আলম এশিয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৯৪১৮) ঢাকা থেকে যাত্রী নিয়ে রাত দুইটার দিকে ফুলবাড়িয়ায় পৌঁছায়। যাত্রী নামানোর পর ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীতে মূল সড়কে তেল নেওয়ার উদ্দেশ্যে বাসটি পার্ক করে রাখা হয়েছিল। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আগুন দেওয়ার সময় বাসের ভেতরে যাত্রী মো. শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা শারমিন সুলতানা রুমকি অবস্থান করছিলেন। ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকানাই এলাকার বাসিন্দা এই মা-ছেলে ভোরে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আগুনে তারা দগ্ধ হন।
খবর পেয়ে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতর থেকে একজনের সম্পূর্ণ ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাকে বাসের চালক জুলহাস বলে ধারণা করা হচ্ছে।
আহত মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
