ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ জন হাসপাতালে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শহর প্রশাসনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে টুইন ডলফিনস ড্রাইভ ও বিচ বুলেভার্ডের মাঝামাঝি অবস্থিত একটি সমুদ্রসৈকতের পার্কিং লটে হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ কাছের একটি হোটেলের পাশে তালগাছের সঙ্গে আটকে আছে।

হান্টিংটন বিচ সিটি প্রশাসনের মুখপাত্র জানান, দুর্ঘটনায় হেলিকপ্টার থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজন পথচারী আহত হয়েছেন। আহত সবাইকে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া “কার্স অ্যান্ড কপ্টারস” নামের একটি অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এ দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) বিষয়টি তদন্তের জন্য অবহিত হয়েছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী টিমোথি বার্টলেট জানান, তিনি টিকটকের জন্য হেলিকপ্টার অবতরণের ভিডিও ধারণ করছিলেন, ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, “আমি হতবাক হয়ে যাই। যখন দেখি হেলিকপ্টারটি ঘুরতে শুরু করেছে, তখনই বুঝেছিলাম কিছু একটা সমস্যা হয়েছে এবং এটি পড়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *