কেন্দুয়ায় মাদক ও দেহ ব্যবসায় জড়িত আটক ৩

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ

নেত্রকোণার কেন্দুয়ায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) ভোর ৪টার দিকে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ার রুকন মিয়ার বাড়ি থেকে প্রথমে স্থানীয়রা তাদের আটক করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে ২নং ওয়ার্ডের আনন্দবাজার মোড় থেকে আটককৃতদের কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় মাদক ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী রাতভর ওঁৎ পেতে তাদের হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মৃত ইউসুফের ছেলে রবি মিয়া টের পেয়ে আগে থেকেই পালিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজকে বিপথে পরিচালিত করছিল। এ কারণে এলাকাবাসীই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমান।

কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন মুঠোফোনে জানান, মাদক ও দেহ ব্যবসার অভিযোগে আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *