গণমঞ্চ নিউজ ডেস্ক –
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না। সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান অভিযোগ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা চক্রান্ত তৈরি হচ্ছে।
টক শো চলাকালে উপস্থাপককে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যদি আবার রাজনীতিতে ফিরে আসে, তাহলে জুলাই আন্দোলনে আপনার ভূমিকা কীভাবে মূল্যায়ন হবে? আমাদের আন্দোলনের ভবিষ্যৎই বা কী হবে?”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যদি ফিরে আসে, কেউ ছাড় পাবে না। আমরা যেভাবে গণ-অভ্যুত্থানের সময় তাদের প্রতিহত করেছি, একইভাবে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমও প্রতিহত করা হবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিবাদ ও গণহত্যা ফিরে আসতে পারে।”
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, এসব ঘটনার পেছনে আওয়ামী লীগের পরিকল্পিত ভূমিকা থাকতে পারে। তার মতে, এসব সংঘর্ষ আসলেই স্বতঃস্ফূর্ত নাকি দলীয় নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন, তা সন্দেহজনক।
এসময় তিনি আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ বিদেশ থেকে অর্থায়ন পাচ্ছে। গণমাধ্যম ও বিএনপির সিনিয়র নেতাদের বরাত দিয়ে তিনি দাবি করেন, এস আলম গ্রুপ আওয়ামী লীগকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে।
