‎কর্মস্থলে না থাকায় হবিগঞ্জের সাবেক এএসপি পলাশ রঞ্জন দে সাময়িকভাবে চাকরিচ্যুত

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে

‎কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পলাশ রঞ্জন দে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। তিনি সর্বশেষ সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

‎রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা (মামলা নং ১৭০/২০২৫) দায়ের করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অভিযোগের ভিত্তিতে পলাশ রঞ্জন দে-কে একই তারিখ (১২ আগস্ট ২০২৫) থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত অবস্থায় তিনি সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত হারে খোরপোষ ভাতা পাবেন।

‎জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভাগীয় মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *