মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানকার তরুণেরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আর চিকিৎসাসেবার মানও তেমন ভালো নেই। আমি নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দল আমার উপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। এজন্য আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। এ ছাড়া
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।
আজ (৯ নভেম্বর) রোববার ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্যসচিব নুরে আলম জিকু। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ আবেদীন জায়েদী প্রমুখ।
এদিকে বেলা ৩টা থেকে দলে দলে মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জড়ো হন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপজ উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।
