মিয়া সোলেমান, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “যুবদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্রসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। পুরো উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
