ঈশ্বরগঞ্জে অবহেলায় বড় দুর্ঘটনার শঙ্কা, বাঁশে ঠেসে রাখা ৪৮০ ভোল্টের খুঁটি

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

ঈশ্বরগঞ্জ উপজেলার চরপুবাইল গ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি ৪৮০ ভোল্টেজের খুঁটি ছয় মাস ধরে হেলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থায়ীভাবে মেরামত বা প্রতিস্থাপন না করে খুঁটিটিকে কয়েকটি বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে।

এতে বিদ্যালয়সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কৃষকসহ স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, চরপুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিটি বাঁশের ওপর ভর করে কাত হয়ে আছে। দীর্ঘদিন ব্যবহৃত বাঁশগুলোতে পচন ধরেছে, যা ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

খুঁটির আশপাশে মানুষ কৃষিকাজ করছেন, গরু-ছাগল চড়াচ্ছেন। পাশাপাশি বিদ্যুৎ লাইনের কিছু অংশে ছেঁড়া তার বাইরে বেরিয়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে হঠাৎ করে খুঁটিটি পাশের একটি ধানক্ষেতে উপড়ে পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ক্ষেতের পানিতে থাকা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যায়। পরে বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাঁশের ঠেস দিয়ে খুঁটিটি দাঁড় করিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল করেন। তবে এরপর আর স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, খুঁটির নিচেই তাদের কৃষিজমি। সেখানে কাজ করতে নামলেই ভয় কাজ করে—এই বুঝি খুঁটি বা তার ছিঁড়ে পড়ে যায়। দীর্ঘদিন ধরে এভাবে ঝুঁকির মধ্যে কাজ করা তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে।

আরেক বাসিন্দা হযরত আলী জানান, খুঁটি পড়ে যাওয়ার সময় ক্ষেতের সব জলজ প্রাণী মারা যায়। তখন দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও ছয় মাস পেরিয়ে গেলেও বাঁশের ঠেসের বাইরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সাবেক ইউপি সদস্য আবুল কাশেম বলেন, খুঁটিটি এর আগেও একাধিকবার উপড়ে পড়েছে। তখনও বাঁশের ওপর ভর দিয়ে দীর্ঘদিন রাখা হয়। পরে দায়সারাভাবে পুনরায় পুঁতে দিলেও কিছুদিনের মধ্যেই আবার হেলে পড়ে। এতে এলাকায় কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটেরও সৃষ্টি হয়েছে। বিষয়টি বারবার বিদ্যুৎ অফিসকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ আবাসিক উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রেজাউল করিম বলেন, খুঁটির বিষয়ে কেউ লিখিত বা মৌখিকভাবে আগে জানায়নি। এখন বিষয়টি জানা গেছে, দ্রুত খুঁটিটি স্থায়ীভাবে প্রতিস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *