গণমঞ্চ নিউজ ডেস্ক –
নরওয়ের ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে অর্জিত টিকিট বিক্রির মুনাফা গাজার মানবিক সহায়তার জন্য দান করা হবে।
ফেডারেশনের প্রেসিডেন্ট লিসে ক্লাভেনেস এক বিবৃতিতে বলেন, “গাজার সাধারণ মানুষের ওপর চলমান মানবিক সংকটের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না। প্রতিদিন যেসব সংস্থা সেখানে জীবন বাঁচানোর কাজ করছে, তাদের সহায়তার জন্য এই অর্থ দেওয়া হবে।”
ম্যাচটি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ফেডারেশন এখনো নির্দিষ্ট করে জানায়নি কোন সংস্থার মাধ্যমে অর্থ দেওয়া হবে।
অন্যদিকে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাধারণত অন্য দেশের ফেডারেশন কীভাবে আয় ব্যবহার করে সে বিষয়ে মন্তব্য না করলেও এবারের ক্ষেত্রে তারা ব্যতিক্রম করছে। তাদের দাবি, আয় থেকে কিছু অর্থ যেন ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের নিন্দা প্রদর্শনে কিংবা হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তিতে ব্যবহৃত হয়।
এর আগে নরওয়ে ফুটবল ফেডারেশন বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মানবিক অবস্থান নিয়েছে। তবে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে অর্জিত অর্থ সরাসরি গাজায় মানবিক সহায়তার জন্য দেওয়ার এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গাজায় চলমান সংঘাত ও অবরোধের কারণে মানবিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। খাবার, ওষুধ ও আশ্রয়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতিতে রয়েছে সাধারণ মানুষ।
