ইশ্বরগঞ্জে জমি দখলকারী মঞ্জু ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ সম্প্রতি চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দা মো. সাহেব আলীর পৈতৃক ভোগদখলকৃত জমি জবরদখলের অভিযোগ উঠেছে মঞ্জু নামে এক ব্যক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

গ্রামবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, মঞ্জু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুয়া দলিল তৈরি, ভয়ভীতি প্রদর্শন, জমি জবরদখল ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে স্থানীয়দের হয়রানি করে আসছে। অনেক পরিবারই চক্রটির হয়রানিতে ভিটেমাটি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছে বলে দাবি করা হয়।

ঘটনার সাম্প্রতিক পর্যায়ে গত ১৮ নভেম্বর মঞ্জু বাহিনী দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি জানতে ঘটনাস্থলে গেলে সাংবাদিক মিয়া সুলেমানকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ ছাড়া গত সপ্তাহে সাহেব আলীর জমিতে জবরদখলের লক্ষ্যে ঘর নির্মাণের চেষ্টা চলাকালে ছবি তুলতে গেলে মঞ্জু, তার পিতা মৃত আব্বাছ আলী এবং সহযোগী হারুন, জোসনা, পপি, শিউলি ও সাগর দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক মিয়া সুলেমানের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

জমির মালিক মো. সাহেব আলী বলেন, “মঞ্জু ও তার লোকজন বহুদিন ধরে আমার পরিবারকে হয়রানি করছে। কয়েক দফা হুমকির ঘটনায় আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানান, মঞ্জু চক্রের দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকার বহু মানুষ ভয়-আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না।

ভুক্তভোগীর (জমি মালিক সাহেব আলী) লিখিত অভিযোগ পাওয়ার পর থানায় মামলা গ্রহণ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে বলে জানা যায়। আইন শৃঙ্খলা সংশ্লিষ্টজন বলেছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘ তদন্ত ও আদালতের নির্দেশনার পর আইনগত প্রক্রিয়া শুরু হলেও এখনো অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় উক্ত মহল্লার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

ঐদিকে স্থানীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সমাধান ও আইনি ব্যবস্থার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *