আল-আজহারের অধ্যাপক ওমর হাশেমের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক, হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত এবং আল-আজহার শরিফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, প্রাক্তন উকিলুল আজহার ড. আহমদ ওমর হাশেম (রহ.) মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার শোক-বাণীতে তিনি বলেন, বলেন, ড. আহমদ ওমর হাশেম (রহ.) আল-আজহার বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আরব এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। এছাড়া তিনি ছিলেন ইসলামি গবেষণা পরিষদ (মাজমাউল বুহুসিল ইসলামিয়্যাহ), ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদ (আল মজলিসুল আ’লা লিশ-শুউনিল ইসলামিয়্যাহ) এবং মিশরের দুটি সংসদীয় পরিষদ মজলিসুশ-শা’ব ও মজলিসুশ-শূরার সদস্য। সুন্নাহ ও হাদিসশাস্ত্রে তার বৈচিত্র্যময় গবেষণা ও রচনার মাধ্যমে তিনি ইসলামি জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

জামায়াত আমির আরো বলেন, ড. আহমদ ওমর হাশেম (রহ.) ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *