গণমঞ্চ ডেস্ক নিউজ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাতজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে অনশনে বসেন। এ সময় শিক্ষার্থীদের বুঝিয়ে অনশন ভাঙ্গাতে না পেরে তাদের পাশেই মশারি টানিয়ে রাত কাটিয়েছেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
অনশনরত শিক্ষার্থীরা জানান, অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় সাত শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন।
রাত একটার দিকে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি না হলে তাদের কষ্ট ভাগ করে নিতে তিনি সিদ্ধান্ত নেন তাদের পাশে রাত কাটানোর। সকাল ৯টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।
অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেননি। তাই আমরা বাধ্য হয়ে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।
আরেক শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, আমরা ইউজিসির প্রতি আহ্বান জানিয়ে দুইবার সংবাদ সম্মেলন করেছি। এমনকি ক্যাম্পাস সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক ভবন দখল করি। তারপরও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ পর্যন্ত করেনি।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছে শিক্ষার্থীরা।
টানা ৩৭ দিনের আন্দোলনের পরও কার্যকর উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত সাত শিক্ষার্থী আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেন। অনশনে বসা সাত শিক্ষার্থী হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২-২৩ সেশনের অমিয় মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।
