আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত কমপক্ষে ১০, আহত দুইশতাধিক

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সোমবার ভোরে উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের কাছে একটি ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং প্রায় ২৬০ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে। এ ঘটনায় ‘বড় ধরনের প্রাণহানি’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইউএসজিএস তার পেজার সিস্টেমে কমলা সতর্কতা জারি করেছে। এটি একটি স্বয়ংক্রিয় সিস্টেম যা ভূমিকম্পের প্রভাব সম্পর্কে তথ্য দেয়।

মাজার-ই-শরিফের নিকটবর্তী পার্বত্য প্রদেশ সামানগানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র শামিম জোয়ান্দা রয়টার্সকে বলেন, ‘আজ সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজন শহিদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং তাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।’

তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত সংগৃহীত হাসপাতালের প্রতিবেদনের ভিত্তিতে এই সংখ্যা জানা গেছে।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাখ এবং সামানগান প্রদেশের কিছু অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, সামরিক উদ্ধারকারী এবং জরুরি সহায়তা দল অবিলম্বে এলাকায় পৌঁছে জনগণকে উদ্ধার, আহতদের স্থানান্তর এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দেওয়ার জন্য অভিযান শুরু করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান বলেন, উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।

জামান এক বিবৃতিতে বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রদানকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে এবং আশেপাশের সমস্ত হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।’

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক ব্লু মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে। একাধিক ভিডিওতে উদ্ধারকর্মীদের মরদেহ টেনে বের করতে দেখা গেছে। তবে রয়টার্স এসব ভিডিও ও ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আফগানিস্তান ভূমিকম্পের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। গত ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০-এর বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *