অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর যুক্তরাষ্ট্র, গ্রেপ্তার প্রায় ৫ লাখ

গণমঞ্চ নিউজ ডেস্ক –

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় শুরু হয় বৈধ কাগজপত্র বিহীন অভিবাসীদের ধরপাকড়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, জানুয়ারি থেকে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে নোয়েম জানান, জানুয়ারি থেকে স্বরাষ্ট্র বিভাগ চার লাখ ৮০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে অথবা সেই ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

তিনি আরো বলেন, ‘দেশকে আরো নিরাপদ করে তোলা হচ্ছে, যাতে পরিবারগুলো উন্নতি করতে পারে এবং তারা সমৃদ্ধ হতে পারে। তারা যেন সেই ধরণের স্বাধীনতা উপভোগ করতে পারে যার জন্য এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল।’

গত মাসে স্বরাষ্ট্র বিভাগ জানায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নেয়ার পর ২০ জানুয়ারি থেকে ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। মোট অভিবাসীর মধ্যে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন এবং ২৫০ দিনেরও কম সময়ে চার লাখের বেশি অবৈধ অভিবাসীকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়েছে।

সোমবার ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকলাপের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *